ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬, ০৫:০৬ পিএম

ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্বাস্থ্য সুরক্ষা প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে রাঙামাটিয়া ইউনিয়নের হাতীলেইট দর্গাচালা খ্রিষ্ট রাজা ধর্মপল্লী প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন আদিবাসী সম্প্রদায়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক।

পরে দর্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি আখতারুল আলম ফারুককে আদিবাসী মুকুট পরিয়ে দেন আয়োজকরা। পরে আদিবাসীদের কৃষ্টি ও সংস্কৃতি অনুসরণে পরিবেশিত নৃত্য উপভোগ করেন অতিথিরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রত্যুষ মারাক। তিনি প্রধান অতিথির মাধ্যমে এ অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নে সরকারের প্রতি দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন, বিগত সরকার আদিবাসীদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেনি। তিনি আগামীতে এ অঞ্চলের রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দেন। আখতারুল আলম ফারুক আরও বলেন, ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে জাতির উন্নয়ন অসম্ভব নয়। এ সময় তিনি আদিবাসী সন্তানদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন খ্রিষ্ট রাজা ধর্মপল্লীর পুরোহিত ফাদার ফিডেলিস পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা ট্রেজারার লুইস সুপ্রভাত, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডাঃ নাঈমা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনূর মল্লিক জীবন, সদস্য শহিদুল ইসলাম সরকার, ইউনিয়ন বিএনপি নেতা শাহরিয়ার আহমেদ বুলবুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল আকন্দ এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক সিফাত প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফ্রানসিস জেংচাম, সাধারণ সম্পাদক হেরিক সাংমা ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ জেংচাম। এতে সামাজিক নেতৃবৃন্দ ও আদিবাসী সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!