বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মনিরুজ্জামান লিমন , বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ০৫:২৮ পিএম

বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদের সামনে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মওলানা হামিদুল ইসলাম, মওলানা বেলাল হোসেন, মুফতী আবদুর রশিদ জাফরী, শিক্ষক আজিজুন্নাহার। বক্তারা বলেন, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার হিসেবে আসাদুল্লাহ সিদ্দিকী বকশীগঞ্জে যোগদান করেছেন।

গত ৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি সফরে বকশীগঞ্জে আসলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে যান। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুল্লাহ সিদ্দিকী তাঁদের সাথে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং চাকুরি খাওয়ার হুমকি প্রদান করেন। তাই এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় তাঁরা ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবি করেন।

এ ব্যাপারে সদ্য যোগদানকৃত ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী জানান, কিছু শিক্ষক সুযোগ নিতে না পারায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তাঁরা তাঁকে এখান থেকে সরাতে চায়।

সিয়াম সরিষা
Link copied!