ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা পাড়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সিআরএস এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সোমবার (১০ আগস্ট) বিকেলে বিলের হাতিলেইট অংশে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
পরে এ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বিলের কচুরিপানা অপসারণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, বড়বিলা বিনোদন কেন্দ্র হলে এ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন নিশ্চিত হবে। কামরুল হাসান মিলন বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এসময় তিনি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন সংস্থা, ব্যাক্তি ও উপজেলা এবং ইউনিয়ন পরিষদের যৌথ প্রচেষ্টা প্রত্যাশা করেন।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিবিএসটির সহকারী অধ্যাপক মোবারক হোসাইন মল্লিক, জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক আহমদ মাসুদ, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু রায়হান, যুব বিভাগের সভাপতি প্রভাষক এনামুল হক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আনোয়ার হাসান।
এছাড়াও এর আগে উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের ফুলবাড়ীয়ার পক্ষ থেকেও বড়বিলা পাড়ের সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষ বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য। পরে সংগঠনটির সদস্য সচিব এসএম আবু সাঈদ সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা বিলের পাড়ের সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপণ করেন। জানা গেছে, বড়বিলা পাড়ের সৌন্দর্য বর্ধনে ১ হাজার তাল গাছের চারা রোপণ কর্মসূচী পালন করেছে ময়মনসিংহ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

আপনার মতামত লিখুন :