জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এ.কে.এম. ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এ.কে.এম. ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর সাব-কোর্টের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি একটি প্রাইভেটকারে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন। নিহত ছামিউল হক সাবেক সচিব ফজলুল হকের ছেলে এবং তিনি ঢাকার লালমাটিয়ায় বসবাস করতেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত চালককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে।

আপনার মতামত লিখুন :