নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দুটি রেস্টুরেন্ট ও একটি মিষ্টির দোকানকে নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নীতি অনুসরণ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ এবং ঈঁশাখা মিষ্টি ঘরকে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযানকালে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোশাররফ হোসেন (মুর্শিদ), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; বায়েজিদ পেশকার, কাঁচপুর রাজস্ব সার্কেল। আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁ থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, "ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রেখে এবং নিরাপদ খাদ্য আইন অমান্য করে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ বা বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।"
তিনি আরও বলেন, "নিরাপদ খাদ্য নিশ্চিত করা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

আপনার মতামত লিখুন :