আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে মিরসরাইয়ে বৃক্ষরোপণ অভিযান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে মিরসরাই উপজেলা জামায়াতের কার্যালয় মজিদে আলনূরের মাঠে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর মিরসরাই মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা যুব বিভাগের সভাপতি লোকমান হোসেনের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের বর্তমান জেলা সদস্য হোসাইন মোহাম্মদ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব বিভাগের সভাপতি কুতুব উদ্দিন শিবলী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন এবং মিরসরাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রফেসর জাফর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ আশরাফ বলেন, প্রকৃতি ও পরিবেশকে মানুষের বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামীর যুবসমাজকে মাদকমুক্ত রাখতে, সুস্থ ও সমাজের উপকারী প্রজন্ম হিসেবে তৈরি করতে খেলাধুলার মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করতে হবে। তাই যুবসমাজকে উৎসাহিত করতে আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :