চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে ব্যর্থ হয়ে নুসরাত জাহান মনি (২৬) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক লোকমান হোসেন মানিককে (২৮) কচুক্ষেত থেকে আটক পরবর্তী গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ নুসরাত জাহান মনি একই এলাকার জুয়েলারি ব্যবসায়ী আবুল কাশেমের স্ত্রী। এ ছাড়াও তার ৪ বছর বয়সী একটি কন্যা ও ২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত লোকমান হোসেন মানিক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়াপাড়ার বশির আহমদের পুত্র। তিনি চট্টগ্রাম নগরীর একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
জানা যায়, গৃহবধূ নুসরাত জাহান মনি'র বাড়ির পাশে অভিযুক্ত লোকমান হোসেন মানিকের বোনের শ্বশুরবাড়ি হওয়ায় তারা পূর্ব পরিচিত ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি পার্শ্ববর্তী চাচা শ্বশুরের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার সময় মানিকও তার সঙ্গে বাড়িতে প্রবেশ করেন। এর একপর্যায়ে মানিক কক্ষে গিয়ে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ দাবি করেন। তিনি অপারগতা প্রকাশ করায় জোরপূর্বক লুটের চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। ওই সময় মানিক ক্ষিপ্ত হয়ে তার বুকে, গলায় ও কানে ছুরিকাঘাত করেন। পরে তিনি চিৎকার করলে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে আসলে মানিক পেছনের দরজা দিয়ে পালিয়ে একটি কচুক্ষেতে আশ্রয় নেন। এরপর গৃহবধূ মনিকে চিকিৎসার জন্য সরাসরি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
আরও জানা যায়, খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্ত মানিককে কচুক্ষেত থেকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে এসআই জহির আমিন ও মামুন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করায় পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হয়।
এদিকে স্থানীয়দের একাংশের ধারণা, আহত গৃহবধূ মনি ও অভিযুক্ত যুবক মানিক পূর্ব পরিচিত হওয়ায় তাদের মধ্যে সম্পর্ক থাকতে পারে। তারই প্রেক্ষিতে, মানিক চট্টগ্রাম নগরীতে চাকরি করলেও নিজ বাড়ি ভোয়ালিয়া পাড়ায় এসে বোনের শ্বশুরবাড়িতে যাওয়ার সুবাদে মাইজপাড়ায় মনির বাড়িতে প্রবেশ করেছিল। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, আহত গৃহবধূকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে অভিযুক্ত যুবককে উদ্ধার করে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :