বৈরী আবহাওয়ায় এলএনজি জাহাজ ভিড়তে না পারায় চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকট, দ্বিগুণ ভাড়া নিচ্ছে পরিবহন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ১২:১৩ পিএম

বৈরী আবহাওয়ায় এলএনজি জাহাজ ভিড়তে না পারায় চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকট, দ্বিগুণ ভাড়া নিচ্ছে পরিবহন

ফাইল ফটো

আকরাম , চট্টগ্রাম :বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে নতুন এলএনজিবাহী জাহাজ ভিড়তে না পারায় চট্টগ্রামজুড়ে আবারও তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর থেকে হঠাৎ গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসা-বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা এবং গ্যাসচালিত পরিবহনের চালকেরা। পাশাপাশি এই সুযোগে গণপরিবহনে শুরু হয়েছে বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগও শোনা যাচ্ছে। বাসা-বাড়িতে রান্না বন্ধ:

বুধবার (১২ আগস্ট) সকাল থেকেই চট্টগ্রাম নগরীর নাসিরাবাদসহ বিভিন্ন আবাসিক এলাকায় বাসা-বাড়িতে গ্যাসের অভাবে সময়মতো রান্না করতে না পেরে চরম বিপাকে পড়েছেন মানুষজন। ক্ষোভ প্রকাশ করে নাসিরাবাদ এলাকার বাসিন্দা গৃহিণী ইয়াছিন আক্তার বলেন, "সকাল ৬টার পর থেকেই চুলায় আগুন নেই। ভেবেছিলাম কিছুক্ষণ পর গ্যাস আসবে, কিন্তু কিছুই এলো না। এভাবে কোনো পূর্বঘোষণা ছাড়া গ্যাস চলে গেলে পরিবার-পরিজন নিয়ে আমাদের চলাটাই কঠিন হয়ে পড়ে।" সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাড়তি ভাড়া:

এদিকে নগরীর টাইগারপাস, ষোলশহরের ফুয়েল ফিলিং স্টেশনসহ সিংহভাগ সিএনজি স্টেশনে গ্যাসচালিত যানবাহন, বিশেষ করে সিএনজির দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক গাড়ি গ্যাস পাচ্ছে না। ৩ নম্বর রুটের বাসচালক আকবর জানান, "ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে গিয়ে সময় ও ইনকাম দুটোই নষ্ট হচ্ছে, তাই খরচ সামলাতে বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছি আমরা।

হালিশহরের বাসিন্দা গৃহিণী হাসনা হেনা বলেন, পাঁচলাইশ থেকে হালিশহরের নিয়মিত ভাড়া সর্বোচ্চ ১৮০ টাকা। কিন্তু এখন গ্যাস সংকটের অজুহাতে ৩০০ টাকার কমে যাওয়া যাচ্ছে না। কেজিডিসিএল ও পেট্রোবাংলা যা বলছে: চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫ কোটি ঘনফুট। সরবরাহ কম থাকায় বর্তমানে চাহিদার অর্ধেকের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রামে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উপ-মহাব্যবস্থাপক মো. রফিক খান বলেন, "গ্যাস সরবরাহ কম থাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামে ১৯ কোটি ঘনফুট গ্যাস পাওয়া গিয়েছে। সময়ের সঙ্গে সরবরাহ কমছে। কবে বাড়বে আমাদের জানা নেই।"

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. শোয়েব বলেন, "এবারের সংকটের মূল কারণ কক্সবাজারের মহেশখালীর সামুদ্রিক বৈরী আবহাওয়া। টার্মিনালে জাহাজ ভেড়ানোর জন্য বাতাসের গতিসীমা সর্বোচ্চ ২০ নট হওয়া প্রয়োজন হলেও বর্তমানে তা প্রায় ৩৮ নটে অবস্থান করছে। নিরাপত্তার স্বার্থে এলএনজিবাহী জাহাজগুলো টার্মিনালে ভেড়ানো যাচ্ছে না। তিনি আরও জানান, বর্তমানে জাতীয় গ্রিডে মহেশখালী থেকে ৪০ কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে। জাহাজটি ভিড়তে পারলে এই সরবরাহ ৭৫ কোটি ঘনফুটে উন্নীত হবে।

সিয়াম সরিষা
Link copied!