চলতি অর্থ বছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মোঃ আব্দুস সামাদ আজাদ , মৌলভীবাজার জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬, ০৬:৪৭ পিএম

চলতি অর্থ বছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ, বিভিন্ন সড়ক ও পৌর এলাকার উন্নয়ন কাজ পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বিষয়টি নিয়ে একই দিন একাধিক সংবাদমাধ্যমেও তাঁর বক্তব্য প্রকাশিত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন আয়োজন করতে প্রায় সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ অর্থের সংস্থান রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমোদন বা ক্লিয়ারেন্স পাওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল দেশের অন্যতম ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র। সারা বছরই এখানে দেশ-বিদেশের পর্যটকদের আগমন ঘটে। পর্যটনকেন্দ্র ঘিরে চলমান উন্নয়ন কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সরেজমিনে দেখতে তিনি শ্রীমঙ্গল সফরে এসেছেন।

তিনি বলেন, বৃহত্তর সিলেটের উন্নয়নে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলায় প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হবে। আগামী পাঁচ বছরের কথা মাথায় রেখে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

শ্রীমঙ্গলের পর্যটন এলাকার সড়কগুলো প্রশস্ত ও চলাচলের উপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে প্রতিমন্ত্রী রাধানগর-মহাজিরাবাদ সড়কের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন।

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মাঠটির উন্নয়নে সরকারি পরিকল্পনার কথা জানান। মাঠের একটি অংশে বয়োজ্যেষ্ঠদের জন্য মনোরম পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

পাশের শিশু উদ্যান পরিদর্শন করে তিনি সেটি আধুনিকায়নের ঘোষণা দেন। শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের উপযোগী বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম স্থাপনের পাশাপাশি শিশু ও বয়স্কসহ সব শ্রেণি-পেশার মানুষের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ এবং উদ্যানটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।

শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের হরিজন পল্লিতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন সাততলা আবাসন ভবন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবনকে নবায়নযোগ্য বিদ্যুতের আওতায় আনা হবে।

সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ের ক্যাবিনেট ভবন থেকে শুরু করে ধাপে ধাপে দেশের অন্যান্য সরকারি ভবনেও এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোও এ কর্মসূচির আওতায় আসবে।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদসহ স্থানীয় সরকারের অধীন প্রতিষ্ঠানগুলোতে সোলারের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই ব্যবহারের ব্যবস্থা করা হবে। শুধু অফিস আদেশ জারি করেই দায়িত্ব শেষ করা হবে না—সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কি না, তা ছয় মাস পরপর বিদ্যুৎ বিল পর্যালোচনার মাধ্যমে যাচাই করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

শ্রীমঙ্গল পৌরসভার কলেজ রোড এলাকার ময়লার ভাগাড় পরিদর্শন করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। শহরের বাইরে পরিবেশের ক্ষতি হবে না—এমন নিরাপদ সরকারি জায়গায় ভাগাড়টি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন জায়গায় আধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রাখা হবে। শ্রীমঙ্গলের জন্য দুর্গন্ধমুক্ত ও পরিবেশবান্ধব একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নেওয়ার কথাও জানান তিনি। সফরকালে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল জামে মসজিদে ৩ লাখ টাকা অনুদান দেন এবং মসজিদটিকে সোলার পাওয়ারের আওতায় আনার ঘোষণা দেন। একই সঙ্গে মসজিদটির একটি ইসলামিক নামকরণের জন্য মসজিদ কমিটির প্রতি আহ্বান জানান।

পরে ইমামের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এদিকে শ্রীমঙ্গল প্রেসক্লাবে গেলে সদস্যরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

Link copied!