সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণ, ফোন না ধরা, ক্যামেরার সামনে বক্তব্য দিতে অনীহা এবং সাংবাদিকদের অপমান করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় জেলা প্রশাসকের আচরণের নিন্দা জানানো হয়।
প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে সভায় সাংবাদিকেরা বিভিন্ন ঘটনার বর্ণনা দেন। যমুনা টেলিভিশনের প্রতিবেদক আকরামুল ইসলাম অভিযোগ করেন, পলাতক হত্যা মামলার আসামি আব্দুল আলিম কীভাবে কলারোয়া উপজেলা ভূমি অফিসে মামলা পরিচালনা করছেন, তা নিয়ে তথ্য চাইতে গেলে জেলা প্রশাসক ক্ষুব্ধ হন। ক্যামেরার সামনে বক্তব্য না দেওয়ার পাশাপাশি তাকে সদর উপজেলা কৃষি অফিসারের দুর্নীতি নিয়ে রিপোর্টের বিষয়েও শাসানো হয় বলে অভিযোগ করেন তিনি।
আকরামুল আরও অভিযোগ করেন, পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কয়েকজন সহকারী কমিশনার ক্যামেরাপার্সনের কাছে থাকা ক্যামেরা পরীক্ষা করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, সদর হাসপাতাল এলাকার দুটি ক্লিনিকে অভিযান ও জরিমানার বিষয়ে তথ্য চাইলে এনডিসি তাজুল ইসলাম তথ্য দিতে অনীহা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে গেলে সাংবাদিকদের বক্তব্য না শুনে উল্টো ভর্ৎসনা করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন অভিযোগ করেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরই জেলা প্রশাসক ক্ষিপ্ত হয়ে ফোন রেখে দেন। মাই টিভির প্রতিনিধি ফয়জুল হক বাবুসহ আরও সাংবাদিক একই ধরনের আচরণের শিকার হয়েছেন বলে সভায় অভিযোগ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন, ‘জেলা প্রশাসক হলেন রাষ্ট্রের প্রতিনিধি। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা। সে ক্ষেত্রে জেলা প্রশাসকের এমন আচরণ কাম্য নয়।’

আপনার মতামত লিখুন :