চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় জাহাজটিতে স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পাওয়া গেছে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান। গ্রিন শিপইয়ার্ড হিসেবে কারখানাটি পরিচালিত হলেও সরকারি নজরদারিতে একাধিকবার নিরাপত্তাজনিত ঘাটতি ধরা পড়ায়, নোটিশ প্রদান এবং আদালতে মামলার পরও কারখানাটি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম (ডিআইএফই) সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ফেরদৌস স্টিল পরিদর্শন করে ডাইফের একটি দল। এ সময় শ্রমিকদের নিরাপত্তা সামগ্রীর অভাব, ঝুঁকিপূর্ণ কাজের ঝুঁকি মূল্যায়ন (রিস্ক এসেসমেন্ট) না করা, নির্ধারিত ঘণ্টার অতিরিক্ত কাজ করিয়ে ওভারটাইম না দেওয়া এবং সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করানোর মতো নানা অনিয়ম ধরা পড়ে। ডাইফের পক্ষ থেকে একাধিক নোটিশ দেওয়ার পরও প্রতিষ্ঠানটি কোনো সন্তোষজনক জবাব দেয়নি। এর পরিপ্রেক্ষিতে ডাইফ চট্টগ্রাম কার্যালয়ের শ্রম পরিদর্শক শাহেদ পারভেজ বাদী হয়ে গত জুলাই মাসে শ্রম আদালতে প্রতিষ্ঠানটির কর্ণধার ফেরদৌস ওয়াহিদ ও ব্যবস্থাপক মো. ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা করেন। কিন্তু আদালত পর্যন্ত মামলা গড়ালেও কারখানার কাজের ক্ষেত্রে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা জোরালো করা হয়নি।
ডাইফ জানিয়েছে, শিপ ব্রেকিং খাতের কাজের নিরাপত্তা ও কারিগরি জটিলতা সাধারণ পরিদর্শন আওতার বাইরে থাকায় বিষয়টি এখন উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল তদন্ত করছে। শিপ ব্রেকিং বা জাহাজ ভাঙা খাতের সেইফটি ও কমপ্লায়েন্স সাধারণ শিল্পপ্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন ও অত্যন্ত উচ্চ কারিগরি ভিত্তিক।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, ‘ডাইফ সাধারণত কারখানাগুলোতে শ্রমিকদের প্রাথমিক নিরাপত্তা সামগ্রী— যেমন হ্যান্ডগ্লাভস, মাস্ক বা বুট ব্যবহার হচ্ছে কি না কিংবা পরিদর্শনের শিডিউল কমপ্লায়েন্স ঠিক আছে কি না তা তদারকি করে। তবে জাহাজ কাটার আগে হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গমন পরীক্ষা এবং পরিবেশ ও বিস্ফোরক অধিদপ্তরের ছাড়পত্র সম্পর্কিত বিষয়টি অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের কারিগরি কাজ, যা অধিদপ্তরের সাধারণ তদারকির আওতাভুক্ত নয়।’ তিনি উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ছাড়া জাহাজ কাটার কথা নয় এবং এর জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ রয়েছে।
এর আগে, অধিদপ্তরের পক্ষ থেকে পরিদর্শনের ভিত্তিতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের বিভিন্ন প্রাথমিক নিরাপত্তা ত্রুটি ও কমপ্লায়েন্সের অভাব চিহ্নিত করে নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে অধিদপ্তরের শ্রম পরিদর্শক শাহেদ পারভেজের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিডিউল মামলাও করা হয়।
উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান আরও নিশ্চিত করেন যে, দুর্ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান শনিবার সকালে দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন। বর্তমানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। কারিগরি ত্রুটি, পরিবেশ ও বিস্ফোরক ছাড়পত্রের সততা এবং মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কাদের গাফিলতি রয়েছে— সে বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শিল্প সচিব বলেন, শিল্প মন্ত্রণালয় অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার আগে এবং পরে কী ঘটেছিল, তা বিস্তারিত তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তদন্তে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে অপসারণ করা হবে জানিয়ে শিল্প সচিব আরও বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনায় আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। তিনি জানান, বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষায় জাহাজটিতে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া গেছে।
পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে নিহত কয়েকজন শ্রমিকের পরিবারের সদস্যদের থানায় ডাকা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

আপনার মতামত লিখুন :