শিক্ষার মানোন্নয়নে রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজে সুধীজনের সঙ্গে মতবিনিময়

রমজান আলী রানা , কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ০৫:১৩ পিএম

শিক্ষার মানোন্নয়নে রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজে সুধীজনের সঙ্গে মতবিনিময়

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন নিয়ে স্থানীয় সুধীজন, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় রংমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক মো. জসীম উদ্দিন।

সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান বাড়ানো, পরীক্ষার ফলাফল উন্নত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষামুখী না করে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রংমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজকে আরও এগিয়ে নিতে স্থানীয়ভাবে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মৌলভী এস এম জামাল উদ্দিন, মাস্টার শেখ ফরিদ আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য ছানা উল্যাহ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাওলানা শেখ ফরিদ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আহমদ উল্যাহ, অভিভাবক সদস্য আবদুস সাত্তার, রংমালা দারুল সুন্নাহ মডেল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক ওয়াছিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শহীদ উল্যাহ খোকন, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সোহেল এবং মা কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন।

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খুরশিদ আলম। পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক কামরুল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু হাসানাত।

সিয়াম সরিষা
Link copied!