ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর আগমন ঘটে। বেলা অনুমান ১২:২৫ ঘটিকায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল আকস্মিকভাবে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ওয়ার্ড, ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং সার্বিক চিকিৎসা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় মাননীয় মন্ত্রী সরাসরি চিকিৎসাধীন রোগীদের বিছানায় গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রাপ্ত চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
রোগী পরিদর্শন শেষে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, ওষুধের পর্যাপ্ত প্রাপ্যতা এবং সাধারণ রোগীদের সেবার মান আরও বহুগুণ উন্নত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের মৌলিক অধিকার বিশেষ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিক। তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবার মান উন্নত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অবহেলা বা চিকিৎসাসেবা থেকে সাধারণ মানুষের বঞ্চিত হওয়া বরদাস্ত করা হবে না। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাকুল্যে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান শেষে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা অনুমান ১৩:৩০ ঘটিকায় মাননীয় মন্ত্রী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন।

আপনার মতামত লিখুন :