কুমিল্লার মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট ২০২৬ তারিখে মনোহরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এবং অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর আহাম্মেদ-এর তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালিতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং এলাকার সাধারণ জনগণ অংশ নেন।
র্যালিটি মনোহরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের কণ্ঠে ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’সহ বিভিন্ন মাদকবিরোধী স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তাদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদুর আহাম্মেদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। মনোহরগঞ্জকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মনোহরগঞ্জ থানাকে একটি মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। র্যালি ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :