নড়াইলের লোহাগড়ায় গত ১৫ আগস্ট ঘিরে ১৪ আগস্ট রাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে 'জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এসব আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ, কাশিপুর, এড়েন্দা গ্রামসহ বিভিন্ন গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৬ আগস্ট গিলাতলা গ্রামের হাসান মোল্লা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, মুজিবুর রহমান, নাহিদ মোল্লা ও হৃদয় শেখসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১২, তারিখ ১৬/০৮/২০২৬। মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

আপনার মতামত লিখুন :