চকরিয়ায় সমবয়সীর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের শিশু তারেকের

 চকরিয়ায় সমবয়সীর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের শিশু তারেকের

ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় তুচ্ছ ঘটনার জের ধরে সমবয়সী বন্ধুর সজোরে কানের কাছে মারা ঘুষিতে তারেকুর রহমান (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গাস্থ নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই ঘটনা ঘটে। নিহত তারেকুর রহমান উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে। সে বায়তুশ শরফ সড়ক এলাকার এক পানের দোকানদার দাদার দোকানে সময় দিত।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে অদূরে পানি আনতে যায় তারেক। সেখানে এক সমবয়সী বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ওই বন্ধু তারেকুরের কানের কাছে সজোরে ঘুষি মারলে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। তবে চমেকে নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছালে তারেকুরের মৃত্যু হয়।

নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের ব্যবসায়ী জিয়াবুল হক শিশু তারেকুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। তবে দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণসহ বিস্তারিত জানানো হবে।

সিয়াম সরিষা
Link copied!