হামের সংক্রমণের পর এবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দেখা দিয়েছে ডেঙ্গুর সংক্রমণ। আর্দ্র আবহাওয়া ও মশা নিয়ন্ত্রণে অপর্যাপ্ত ব্যবস্থার কারণে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, গত কয়েক সপ্তাহে ডেঙ্গুর বিস্তার মারাত্মক গতি পেয়েছে। ঘন ঘন বৃষ্টি ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকায় বাসা-বাড়ির টপ বা বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি ঘটছে। চলতি আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রমণ তিন থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। সে ক্ষেত্রে উপজেলার বাইরের বা গ্রামীণ এলাকাগুলোতে পরিস্থিতি সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সার্বিক ডেঙ্গু পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে কথা বলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মো. হাসিবুর রেজা। তিনি বলেন, “ব্রাহ্মণপাড়াসহ আশপাশের সব জায়গায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। গত কিছুদিনের বৃষ্টি ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে ডেঙ্গুবাহী মশার প্রাদুর্ভাব বেড়েছে এবং তা ছড়িয়ে পড়ছে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রস্তুতি নিয়ে ডা. হাসিবুর রেজা জানান, “আমরা ইতিমধ্যে নতুন ভবনে ডেঙ্গু রোগীদের জন্য ৮টি বেড আলাদা করে প্রস্তুত রেখেছি। সংক্রমণ মহামারি আকার ধারণ করলেও রোগী সামাল দেওয়ার পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। তবে বর্তমানে চিকিৎসায় একটি বিশেষ জটিলতা দেখা যাচ্ছে—অনেক রোগীর পরীক্ষায় ডেঙ্গু রিপোর্ট ‘নেগেটিভ’ আসলেও বাস্তবে তারা ডেঙ্গুর লক্ষণ ও উপসর্গ নিয়ে আক্রান্ত থাকছেন। তাই লক্ষণ দেখামাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।”

আপনার মতামত লিখুন :