কোম্পানীগঞ্জে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল একতা বাজার নব জাগরণ

রমজান আলী রানা , কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০৬ পিএম

কোম্পানীগঞ্জে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল একতা বাজার নব জাগরণ

ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৪০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। একতা বাজার নব জাগরণ সংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একতা বাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও ফলজ গাছের চারা উপহার দেওয়া হয়।

একতা বাজার নব জাগরণ সংগঠনের উপদেষ্টা ও চরকাঁকড়া ইউনিয়নের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কিবরিয়া বিএসসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরকাঁকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ, চরকাঁকড়া একাডেমি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিএসসি, সিরাজপুর পিএল একাডেমির জ্যেষ্ঠ শিক্ষক মো. আবুল হাসেম মিলন, সমাজসেবক আনিছুল হক তোতা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ইমাম হোসেন সবুজ এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রাজু।

অনুষ্ঠানে একতা বাজার নব জাগরণ সংগঠনের সভাপতি ও চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সেকান্তর কন্ট্রাক্টরসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফলজ গাছের চারা তুলে দেন। আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করা, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া এবং পরিবেশের প্রতি সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!