নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ সরকারি কলেজের গেট থেকে মিছিলটি বের হয়। পরে এটি বসুরহাট বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ, সদস্যসচিব নুর উদ্দিন রুবেল, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল ও সদস্যসচিব মো. মেহেদী হাসানসহ অন্য নেতারা। বক্তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
গত সোমবার (১৭ আগস্ট) রাতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস. রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :