পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার জন্য এক অনন্য গৌরব ও সম্মানের বার্তা বয়ে এনেছে স্বরূপকাঠি মহিলা ফুটবল একাডেমি। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও স্টার নিউজ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ‘নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে একাডেমিটি। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ৩৭টি নারী ফুটবল একাডেমির মধ্যে স্থান করে নেওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে স্থানীয় ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে।
এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, আত্মত্যাগ এবং নারী ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তৃণমূল পর্যায় থেকে নারী ফুটবলার তৈরি করে জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, নেছারাবাদ, পিরোজপুরের হেড কোচ ও সম্পাদক এবং ‘রফিক ওস্তাদ’ নামে পরিচিত মোহাম্মদ নাছির আহমেদ রফিক। তাঁর অক্লান্ত প্রচেষ্টা, সঠিক দিকনির্দেশনা এবং খেলোয়াড়দের প্রতি নিবেদিত কর্মযজ্ঞের ফলেই স্বরূপকাঠির নারী ফুটবল আজ জাতীয় পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ আসরে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
একাডেমির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, নেছারাবাদ, পিরোজপুর, মহিলা একাডেমির সভাপতি সেলিম কবির। এছাড়া একাডেমির উন্নয়ন, পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতায় সম্মানিত উপদেষ্টাবৃন্দ মো. আব্দুল লতিফ মিয়া, মো. মহিবুল্লাহ এবং মো. ওয়াহিদুজ্জামান মানিক।
একাডেমির এই সাফল্যের যাত্রায় নানাভাবে সহযোগিতা ও অনুপ্রেরণা যুগিয়েছেন হেদায়েতুল ইসলাম, মাসুদ রানা পলাশ, নজরুল ইসলাম শাহীন, কাওসার সিকদার, মনিরুজ্জামান শিপন, এমাম সিকদার, মোহাম্মদ দেলোয়ার, আবু ইউসুফ মোঃ বদরুলসহ অসংখ্য ক্রীড়ানুরাগী, শুভানুধ্যায়ী ও সমাজসেবী ব্যক্তি।
স্থানীয় ক্রীড়ামোদী ও সচেতন মহলের অভিমত, প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে স্বরূপকাঠি মহিলা ফুটবল একাডেমি ভবিষ্যতে জাতীয় দলের জন্য দক্ষ, মেধাবী ও প্রতিভাবান নারী ফুটবলার তৈরি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ অংশগ্রহণের এই সাফল্য শুধু স্বরূপকাঠি নয়, বরং সমগ্র নেছারাবাদ উপজেলা ও পিরোজপুর জেলার ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বিত অর্জন। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, এই অর্জনের ধারাবাহিকতায় স্বরূপকাঠির নারী ফুটবল আরও এগিয়ে যাবে এবং জাতীয় পর্যায়ে জেলার মুখ উজ্জ্বল করবে।

আপনার মতামত লিখুন :