শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা হলরুম ‘তেপান্তরে’ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহীদুজ্জামান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ সোলায়মানসহ উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমাম-খতিব এবং বিভিন্ন মাদ্রাসার মোহতামিমরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। মানবতার কল্যাণ, ন্যায়বিচার, শান্তি, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অসামান্য অবদানের কথা উল্লেখ করে তাঁরা তাঁর আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে অনুসরণের আহ্বান জানান।
বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। তাঁর দেখানো পথে চলার মাধ্যমেই ইহকাল ও পরকালে কল্যাণ লাভ করা সম্ভব। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :