ঝিনাইদহ সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ বোতল অবৈধ মাদকদ্রব্য কফ সিরাপসহ রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক আট ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলবাড়িয়া গ্রামের পাকা রাস্তার পাশে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটকের পর তার হাতে থাকা নাইলনের বাজারের ব্যাগ তল্লাশি করে ৮ বোতল WINCEREX COUGH SYRUP এবং ৭ বোতল ESKUF COUGH SYRUP উদ্ধার করা হয়। উদ্ধারকৃত WINCEREX-এর প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৮০০ মিলিলিটার সিরাপ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগে রবিউলের বাড়ির আশপাশের এলাকায় খালি কফ সিরাপের বোতল পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, রবিউল দীর্ঘদিন ধরে অবৈধ কফ সিরাপের ব্যবসার সঙ্গে জড়িত। এলাকাবাসীর ভাষ্য, প্রায় ৮-৯ মাস আগে রবিউলকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছিল। পরে জামিনে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে রবিউলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেছেন। আটক রবিউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন :