শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার

তাপস দাশ , শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ০৫:৪৯ পিএম

শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার

ফাইল ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অত্যন্ত দুর্লভ প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে সাপটি ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ হিসেবে শনাক্ত হয়েছে। বাংলাদেশে এ প্রজাতির সাপের উপস্থিতি খুবই বিরল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৬ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারের কুঞ্জবন এলাকায় সাপের বাচ্চাটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। অপরিচিত সাপটি দেখে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে স্থানীয়রা সেটিকে না মেরে সতর্কতার সঙ্গে আটক করে নিরাপদ স্থানে রাখেন। উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে সাপটির প্রজাতি নিশ্চিত হওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও তথ্য যাচাইয়ের মাধ্যমে সাপটির পরিচয় নিশ্চিত করা হয় এবং এটিকে ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ হিসেবে শনাক্ত করা হয়।

বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক একরামুল কবীর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। সাপটির গঠন ও বাহ্যিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তারা এটি বিরল কোনো প্রজাতির হতে পারে বলে ধারণা করেন।

সাপটির পরিচয় নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান, বন্যপ্রাণী বিশেষজ্ঞ মনিরুল খান এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও তথ্য যাচাইয়ের পর বিশেষজ্ঞরা সাপটিকে ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ হিসেবে শনাক্ত করেন।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, সাইবোল্ড’স ওয়াটার স্নেক বাংলাদেশে অত্যন্ত দুর্লভ। উদ্ধারের সময় সাপটি অক্ষত ছিল। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সিয়াম সরিষা
Link copied!