দৈনিক প্রতিদিনের কাগজে দাগনভূঞার গৌর নিতাই মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন নিয়ে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দাগনভূঞা উপজেলার বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
অভিযানকালে খাদ্য উৎপাদন ও পরিবেশের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভোক্তা অধিকার সংরক্ষণ-সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিক ফুডসকে ৫০ হাজার টাকা, আল আমিন বেকারিকে ১০ হাজার টাকা এবং গৌর নিতাই মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম বলেন, খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সরকারি আইন মেনে চলতে হবে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের অভিযোগ, কিছু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে আসছে। এ ধরনের অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আরও সতর্ক হবে বলে মনে করছেন তারা।
প্রসঙ্গত, সম্প্রতি দৈনিক প্রতিদিনের কাগজে ‘দাগনভূঞায় গৌর নিতাই মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হলো।

আপনার মতামত লিখুন :