পরিবহন সেক্টরে নারীদের হেয় করলে ছাড় নয়, পাশে থাকবে ফেডারেশন: হুমায়ূন কবির খান

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ০৬:০৩ পিএম

পরিবহন সেক্টরে নারীদের হেয় করলে ছাড় নয়, পাশে থাকবে ফেডারেশন: হুমায়ূন কবির খান

ফাইল ফটো

ঢাকা মহানগরীতে নারী চালক, সুপারভাইজার ও হেলপারদের পরিচালনায় বিআরটিসির পিংক রঙের ডাবল ডেকার বাস সার্ভিস চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে ইভটিজিং, কটূক্তি, ট্রল এবং অশালীন মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে পরিবহন খাতে কর্মরত নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছে সংগঠনটি।২৫ আগস্ট বিকেলে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ আগস্ট বিআরটিসির উদ্যোগে নারী চালক, সুপারভাইজার ও হেলপারদের দ্বারা পরিচালিত পিংক রঙের বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। বিশেষ করে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।তবে সার্ভিসটি চালুর পর থেকেই ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মরত নারী শ্রমিকদের নিয়ে নানা ধরনের অশালীন, আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং ট্রল করার অভিযোগ উঠেছে।

বিষয়টিকে দুঃখজনক ও নিন্দনীয় হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ূন কবির খান বিজ্ঞপ্তিতে বলেন, নারী চালকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইভটিজিং, ট্রল এবং কটূক্তিমূলক, অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। একজন শ্রমজীবী মানুষ হিসেবে এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

তিনি বলেন, দেশ গঠনে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা যখন কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন, তখন তাদের হেয়প্রতিপন্ন করতে একটি মহল কুরুচিপূর্ণ পোস্ট ও মন্তব্য করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মো. হুমায়ূন কবির খান বলেন, শ্রমজীবী মানুষের প্রতি সম্মান দেখানো সবার দায়িত্ব। নারী-পুরুষ নির্বিশেষে সব পেশাজীবীর প্রতি সম্মান ও সহনশীলতা বজায় রাখতে হবে।

বিশেষ করে নারী চালক, সুপারভাইজার, হেলপার ও কন্ডাক্টরদের নিয়ে নেতিবাচক ও অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।একই সঙ্গে বিআরটিসির নারী কর্মীদের নিয়ে ইভটিজিং, ট্রল, কটূক্তি এবং অশ্লীল ও আপত্তিকর মন্তব্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জানিয়েছে, পরিবহন খাতে কর্মরত নারীদের নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি তাদের পাশে থাকবে। নারীদের কর্মক্ষেত্রে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

 

Link copied!