সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নাজিউল্লাহ ভূইয়া , কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৩ পিএম

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  সমাধিতে প্রধানমন্ত্রীর  শ্রদ্ধা নিবেদন

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনকালে তিনি দলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও গভীর সম্মান প্রদর্শন করেন।

 

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও মাজার জিয়ারত অনুষ্ঠিত হয়।

 

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে উদ্যান প্রাঙ্গণে জড়ো হন। পুরো এলাকা জুড়ে নেতাকর্মীদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

​শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় জ্যেষ্ঠ নেতারা জানান, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে পাথেয় করে দলকে আরও সুসংগঠিত করা হবে। একইসঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

 

​এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতারা।

 

 

সিয়াম সরিষা
Link copied!