সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪৮ বছর’—এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পার্টি অফিসে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী সেচ্ছাসেবকদলের আহবায়ক শামসুল আলম বুলবুল, ছাত্রদলের সভাপতি মোঃ আজিজুর রহমান । এ সময় কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথি আবুল হোসেন আজাদ তাঁর বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দলের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখে দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বিশ্বাস বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দীর্ঘ এই পথচলায় দলের নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক ভূমিকা স্মরণ করে তিনি কেশবপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উদযাপনের বিষয় নয়; এটি দলের অতীতের রাজনৈতিক সংগ্রাম ও অর্জনকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ এবং সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী। তাঁরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকার আহ্বান জানান। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা পারস্পরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন :