ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও নদীতে মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় নবনির্মিত উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, খলিলুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেম, পৌর যুব দলের সভাপতি প্রভাষক ওমর ফারুক , পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সালেহসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পতাকা উত্তোলন শেষে উপজেলা বিএনপির কার্যালয়সংলগ্ন সাধারণ পাঠাগার প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে রাণীশংকৈল বন্দর কুলিক নদীর সেতুসংলগ্ন এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে নদীর পাড় ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আরও বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে। এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :