চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবনে দায়িত্বশীলতা, দক্ষতা, পেশাদারিত্ব ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, চাঁদপুর মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমানের কর্মকালীন দায়িত্বশীলতা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। চাঁদপুর জেলা পুলিশে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পুলিশের সার্বিক কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন সহকর্মীরা।
বক্তারা বলেন, একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে মোঃ লুৎফর রহমান সততা ও আন্তরিকতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক সম্পর্ক কর্মক্ষেত্রে একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ সময় বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা ও মানবিক গুণাবলির ভূয়সী প্রশংসা করা হয়। চাঁদপুর জেলা পুলিশে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান তাঁর বক্তব্যে চাঁদপুর জেলা পুলিশে কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন। দায়িত্ব পালনের সময় পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
তিনি বলেন, কর্মজীবনের প্রতিটি কর্মস্থলের অভিজ্ঞতা একজন কর্মকর্তার পেশাগত জীবনকে সমৃদ্ধ করে। চাঁদপুর জেলা পুলিশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর কর্মজীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। আবেগঘন পরিবেশে সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক শুভকামনা নিয়ে চাঁদপুর জেলা পুলিশ থেকে বিদায় নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :