চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৈদ্যুতিক মোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করার উদ্দেশ্যে ঢোকেন শফিকুল। এসময় মোটর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সকালে টিউবওয়েলের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়,শফিকুল ইসলাম বরু একজন পেশাদার চোর। বিভিন্ন এলাকায় চুরি করতে গিয়ে তিনি বেশ কয়েকবার পিটুনির শিকার হয়েছেন। এ ছাড়া চুরির মামলায় জেলও খেটেছেন তিনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :