নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

মোঃ হোসাইন ইসলাম , নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ পিএম

নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর উপজেলা বিএনপি ও নবীনগর পৌর বিএনপির যৌথ উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি ভিপি ওবায়দুল হক লিটন।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাস নেতা লিয়াকত আলী, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, মাসুদুল ইসলাম মাসুদ, ব্যারিস্টার আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান, শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ, যুবদলের পক্ষে আসাদুজ্জামান দুলাল ও ছাত্রদলের পক্ষে অনন্ত হীরা।

বক্তারা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণ করেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি নেতাকর্মীদের ঐক্য, সংগঠনের প্রতি দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে আরও সুদৃঢ় করার দিন। তারা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Link copied!