নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য শোভাযাত্রা

মারুফ পারভেজ , নেছারাবাদ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম

নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য শোভাযাত্রা

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদে আয়োজিত র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার, শৃঙ্খলা মেনে চলার এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে কখনো বিচ্যুত না হয়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। অতীতের সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এজন্য দলের প্রতিটি তৃণমূল নেতাকর্মীর দায়িত্ব রয়েছে। শৃঙ্খলা, ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমেই আমরা জনগণের আস্থা অর্জন করতে পারব। তিনি আরও বলেন, সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং চলতি বছরের মধ্যেই অধিকাংশ উপজেলায় এসব কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিএনপি শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করে এটি জনগণের কাছে প্রমাণ করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে গ্রাম থেকে শহর পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।

সমাবেশে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতাকর্মী এবং রাজনৈতিক আন্দোলনে নিহত ও নিখোঁজদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শেষে তিনি নেছারাবাদে বিএনপিকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেন।

Link copied!