কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের করা মামলা হামলার অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ শাখা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগের সিবিএ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তারা দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মিলেমিশে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি সংগঠনের কিশোরগঞ্জ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানান তারা।
সংগঠনের কিশোরগঞ্জ শাখার সভাপতি শোয়েব আহম্মদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তি, অশালীন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন বলে তাদের অভিযোগ। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, আমাদের সংগঠন পেশাজীবীদের সংগঠন। রাজনৈতিক মতাদর্শের কারণে কারও ওপর হামলা বা চাঁদা দাবি করার প্রশ্নই আসে না। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে চাঁদা দাবির যে অভিযোগ করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা। ৫ আগস্টের পর থেকে আমাদের কেন্দ্রীয় কোনো নেতা কিশোরগঞ্জে আসেননি এবং এমন কোনো কর্মসূচিও ছিল না।
সংবাদ সম্মেলনে নেতারা আরও অভিযোগ করেন, মাহমুদুল হাসানসহ কয়েকজন উপ-সহকারী প্রকৌশলী দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে কর্মরত রয়েছেন। সরকারি বিধিবিধান অনুযায়ী একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত থাকার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। এ সময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অশালীন ও উসকানিমূলক বক্তব্য এবং সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা ও হামলার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আপনার মতামত লিখুন :