লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

মনির হোসেন , কালিহাতী(টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪২ পিএম

লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ফটো

টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং পশুর স্বাস্থ্য সনদ ছাড়া পশু জবাই করায় দুই মাংস ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিবাড়ি বাজার ও বল্লা বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম। ​অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম জানান, অভিযুক্ত দুই ব্যবসায়ীর কারও কাছেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের দেওয়া মাংস বিক্রয় কেন্দ্রের বৈধ লাইসেন্স ছিল না। এছাড়া পশু জবাইয়ের পূর্বে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোনো প্রত্যয়নও নেওয়া হয়নি। আইন অমান্য করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুই ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​তিনি আরও সতর্ক করে বলেন, “সাধারণ মানুষের জন্য নিরাপদ মাংস নিশ্চিত করতে লাইসেন্স গ্রহণ ও পশুর স্বাস্থ্য সনদ নেওয়া বাধ্যতামূলক। জনস্বার্থে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!