নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন ফ্যামিলি কার্ড ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত থেকে উত্তীর্ণ হওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উত্তীর্ণ পরীক্ষার্থী আবিদা তানজুম। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, গত ৩ আগস্ট অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় তিনি যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। তার উপস্থিতির সিসিটিভি ফুটেজ, কিউআর কোড স্ক্যান এবং সংশ্লিষ্ট নথিপত্রে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
আবিদা তানজুম বলেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় থেকে পুরো পরীক্ষাপ্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল। প্রশাসনের সংরক্ষিত নথি ও কিউআর কোড স্ক্যানের তথ্যেও তার উপস্থিতির প্রমাণ রয়েছে। এরপরও মোহাম্মদ সাব্বির নূর চৌধুরী নামে এক ব্যক্তি গণমাধ্যমে তার নাম উল্লেখ করে যে অভিযোগ তুলেছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেওয়া মূল লিখিত অভিযোগে তার নাম উল্লেখ ছিল না। পরবর্তীতে গণমাধ্যমে অভিযোগ প্রচারের সময় তার নাম ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে।
আবিদা বলেন, প্রশাসনের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়ার পর তিনি টানা দুই দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপস্থিত থেকে নিজের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও সিসিটিভি ফুটেজ উপস্থাপন করেছেন। তবে অভিযোগকারী শুনানির দিনে উপস্থিত হননি এবং কোনো প্রমাণও উপস্থাপন করতে পারেননি বলে দাবি করেন তিনি। নিয়োগে স্বজনপ্রীতি কিংবা স্বামীর প্রভাব খাটানোর অভিযোগও প্রত্যাখ্যান করেছেন আবিদা তানজুম। তার ভাষ্য, তিনি মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষায়ও তিনি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন বলে দাবি করেন।
দীর্ঘদিন ধরে এসব অভিযোগের কারণে মানসিক হয়রানির শিকার হচ্ছেন দাবি করে আবিদা তানজুম সাংবাদিকদের প্রতি অভিযোগের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে তদন্ত শেষে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

আপনার মতামত লিখুন :