কুমিল্লার তিতাসে বিএনপি নেতার পৈতৃক ভিটায় তাণ্ডব: সীমানা প্রাচীর গুঁড়িয়ে শতাধিক গাছ নিধন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৯ পিএম

কুমিল্লার তিতাসে বিএনপি নেতার পৈতৃক ভিটায় তাণ্ডব: সীমানা প্রাচীর গুঁড়িয়ে শতাধিক গাছ নিধন

আব্দুল আজিজ , তিতাস:কুমিল্লার তিতাসে এক বিএনপি নেতার পৈতৃক ভিটায় গভীর রাতে এস্কেভেটর (ভেকু) দিয়ে সীমানা প্রাচীর ধ্বংস ও শতাধিক গাছ কেটে নিধনের ঘটনা ঘটেছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বসতবাড়ির তিন দিকের ইটের সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছ কেটে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি গ্রামে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. মনিরুল হক তপন ভূঁইয়া তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, তপন ভূঁইয়ার পৈতৃক ভিটার চারদিক পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এস্কেভেটর দিয়ে ইটের তৈরি দীর্ঘ সীমানাপ্রাচীর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের বহু বছরের পুরনো নারকেল ও পেঁপেসহ শতাধিক গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। প্রাচীর না থাকায় বসতঘরটি এখন সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে মুখোশ পরা ৭০-৮০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত এস্কেভেটর নিয়ে এসে এই তাণ্ডব চালায়। লোকালয়ে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই তাণ্ডব চালানো হয়েছে। ভুক্তভোগী মনিরুল হক তপন ভূঁইয়ার দাবি, জগতপুরের মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের ছেলে ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম ইয়াছিন, জগতপুর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শফিক, উপজেলা যুবলীগ নেতা মুকবুল মাহমুদ প্রধান, মহসিন এবং জগতপুরের লিটনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জন এ হামলা চালিয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ইয়াছিন ভূঁইয়া বলেন, ‘আমি ঢাকায় থাকি। এত বড় ঘটনা কে বা কারা ঘটিয়েছে আমি জানি না। যদি এ ঘটনায় আমার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ থাকে, তবে আমি তা মেনে নেব। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিয়াম সরিষা
Link copied!