মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত ৪০টি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে সর্বমোট ৫০ হাজার ১৯৭ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধারসহ ২৭ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর দিকনির্দেশনায় এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২৪ ঘণ্টাব্যাপী জেলার সকল থানার উদ্যোগে এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, মাদকপ্রবণ স্থান ও সন্দেহভাজন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার সদস্যরা সমন্বিতভাবে এসব অভিযানে অংশ নেন। অভিযানের ফলে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার এবং মাদক সংশ্লিষ্ট ২৭ জনকে গ্রেফতার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের প্রকৃত উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত চক্রের বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অভিযানের আওতায় থাকা বিভিন্ন ঘটনায় মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলাই এ বিশেষ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করাও জরুরি।
কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী, পৃষ্ঠপোষক ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :