ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশু নিহত, আহত ২

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ এএম

ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশু নিহত, আহত ২

কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের ভয়াবহ আক্রমণে নুরুল হক (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর শিশু চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত নুরুল হক উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর ২ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।

স্থানীয় ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকেলে শিশুরা খেলাধুলা করার সময় হঠাৎ ভিমরুলের একটি দল তাদের ওপর আক্রমণ চালায়। এতে নুরুল হকসহ তিন শিশু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ফাতেমা (১১)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই এলাকার রাসেলের মেয়ে তাসমিন (৩) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ ভিমরুলের ঝাঁক শিশুদের ওপর হামলে পড়ায় তারা গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বসতবাড়ি ও জনবসতির আশপাশে থাকা ঝুঁকিপূর্ণ ভিমরুলের চাক দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিশুদের নিরাপত্তায় এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সিয়াম সরিষা
Link copied!