ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, নোংরা ড্রেন ও জমে থাকা পানি দেখে ক্ষুব্ধ

কামাল উদ্দীন চৌধুরী , ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১১ পিএম

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, নোংরা ড্রেন ও জমে থাকা পানি দেখে ক্ষুব্ধ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (নাজিরহাট মেডিকেল) অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা ড্রেন ও হাসপাতাল চত্বরে জমে থাকা পানি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি দ্রুত হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও পানি নিষ্কাশনব্যবস্থা সচল করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।

শনিবার দুপুরে হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনের সময় হাসপাতালের কয়েকটি ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা যায়, যা পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় এসব স্থানে মশার লার্ভা জন্মানোর আশঙ্কা তৈরি হয়েছে। হাসপাতালের এমন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

হাসপাতাল পরিদর্শনকালে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন সরোয়ার আলমগীর। এ সময় রোগীরা চিকিৎসাসেবা, অবকাঠামোগত সমস্যা ও হাসপাতালের পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবলসংকটসহ বিভিন্ন বিষয়ে তিনি তাঁদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

পরিদর্শনকালে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এস এম সাইদুল আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!