সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

নুরুল হাকিম বাপ্পী , কুবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৫ পিএম

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাদের দাবি, এই সিদ্ধান্ত বহাল থাকলে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার যথাযথ মূল্যায়ন ব্যাহত হবে। এ সময় সিদ্ধান্তটি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কোটা গেছে যেই পথে, ভাইভা যাবে সেই পথে’, ‘ভাইভার নামে দলীয়করণ বন্ধ কর’, ‘ভাইভা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টাকে উদ্দেশ্য করেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, ‘জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা আন্দোলনের মধ্য দিয়ে। এখন সরকারি চাকরিতে বৈষম্য সৃষ্টি, দলীয়করণ এবং ভাইভার নামে কোটা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। সরকার এসব বন্ধ না করলে পরিণতি ভালো হবে না।’

জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘আমরা মেধার ভিত্তিতে নিয়োগ চাই। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। মেধাবীদের জন্য সরকারি চাকরির পথ বন্ধ করার এই অপচেষ্টা প্রতিহত করা আমাদের দায়িত্ব। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘১৪০০ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কায়দা প্রতিষ্ঠার চেষ্টা শিক্ষার্থীরা মেনে নেবে না।’

কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর মাধ্যমে মেধার অবমূল্যায়ন এবং দলীয় লোকদের সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিবাদ সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। উল্লেখ্য, সম্প্রতি সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ১১ থেকে ১২তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০, ১৩ থেকে ১৬তম গ্রেডে ১০ থেকে বাড়িয়ে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১০ থেকে বাড়িয়ে ২৫ নম্বর করার প্রস্তাব করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!