ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশক্তির পদযাত্রা

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৭ পিএম

ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশক্তির পদযাত্রা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে দেশীয় অস্ত্র, মব কালচার এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন ও পদযাত্রা করেছে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘শিক্ষা ঐক্য মুক্তি, ছাত্রশক্তির মূলনীতি’, ‘ভাঙব শিকল করব জয়, ছাত্রশক্তির প্রত্যয়’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘মববাজদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের অনুপ্রবেশ এবং অপতৎপরতা রুখতে প্রশাসনকে সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করতে হবে। এই প্রিয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো ঠাঁই হবে না। ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মব কালচার বা বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালানো হলে জাতীয় ছাত্রশক্তি তা কখনোই মেনে নেবে না।’

ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করছে এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে নাম আসা ব্যক্তিরা এখনো জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে। আমরা ক্যাম্পাসে এমন অনিরাপদ পরিস্থিতি দেখতে চাই না। যেকোনো মূল্যে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

সিয়াম সরিষা
Link copied!