নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ৩ জন হলেন মো. নাইম, রুমা আক্তার (৩৫) ও সুরবানু। তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকসেবী হিসেবে গ্রেফতার ১৪ জন হলেন মো. ছাদেক আলী (৩৮), মো. দেলোয়ার হোসেন ডিকে, মো. আলমগীর হোসেন নয়ন (৩৮), মো. সবুজ মিয়া (৩৮), জিয়াউর (৪২), আ. বাতেন (৬০), মো. আসিফ (২৬), মো. রেদওয়ান (২৪), শওকত মিয়া (২৫), ইব্রাহিম খলিল (২৫), মাসুদ (৩০), কামাল হোসেন, মো. মোনাইম হক সুজন ও সাদ্দাম হোসেন।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে হারিজ মিয়া (৩২), মো. শাহাবুদ্দিন, ইউসুফ ভূঁইয়া ও কমল চন্দ্র ঘোষকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মিজানুর রহমানকে এবং নিয়মিত মামলায় সামসুল হক (৪০) ও মো. মোনাইম হক সুমনকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :