কেরানীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান, উচ্ছেদ শতাধিক স্থাপনা

নাজিউল্লাহ ভূইয়া , কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩১ পিএম

কেরানীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান, উচ্ছেদ শতাধিক স্থাপনা

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা পুলিশ। রোববার বিকেল থেকে কদমতলী বাসস্ট্যান্ড, বাবুবাজার সেতু-সংলগ্ন সড়কসহ আশপাশের প্রধান সড়কের দুই পাশের ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কদমতলী এলাকার ব্যস্ত সড়কগুলোর দুই পাশের ফুটপাতের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে দখল করে টং দোকান, ভাসমান দোকান ও বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। কোথাও কোথাও নির্মাণসামগ্রী ও অন্যান্য পণ্য ফুটপাতের ওপর রেখে দেওয়া হয়েছিল। ফলে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। রোববার বিকেলে পুলিশ অভিযান শুরু করলে ফুটপাতের ওপর থাকা দোকানপাট ও বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়। উচ্ছেদ করা হয় দখল করে নির্মাণ করা বিভিন্ন অস্থায়ী স্থাপনা। পাশাপাশি ফুটপাত দখল করে রাখা মালামালও সরিয়ে নেওয়া হয়।

অভিযানকালে দখলদারদের ভবিষ্যতে ফুটপাত দখল করে ব্যবসা বা কোনো ধরনের স্থাপনা না করার জন্য সতর্ক করে পুলিশ। জনসাধারণের চলাচলের জায়গা দখল করে পুনরায় স্থাপনা তৈরি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ‘ফুটপাত জনগণের চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো ধরনের অবৈধ ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে। জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে দখলমুক্ত করা জায়গা যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে।অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ), কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক দক্ষিণ) তরিকুল ইসলাম, ঢাকা জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন (দক্ষিণ) শহিদুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ফুটপাত দখলমুক্ত হলে কদমতলীর ব্যস্ত সড়কে যান চলাচল ও পথচারীদের চলাচল উভয়ই সহজ হবে। তবে উচ্ছেদের পর ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

Link copied!