ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার অধীন ইউনিট কমিটিতে দায়িত্বশীল পদে থেকে দায়িত্বে অবহেলার কারণে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
অভিযোগ রয়েছে, সম্প্রতি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাকে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে হুমকি-ধমকি দেন রাফিজুল ইসলাম রবিন। ওই ঘটনার একটি ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওতে রবিনকে ব্যবসায়ী সাদ্দামের মাকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আরামেই থাকতে চাইয়েন, এর বাইরে যাইতে না কইরেন, নাইলে বাড়ির ইট সুদ্ধা থাকব না।’
সাদ্দাম হোসেনের দাবি, রবিনের সহযোগী জাকারিয়ার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ও পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করেই তাকে রাজনৈতিকভাবে ‘ট্যাগ’ দিয়ে পুলিশে গ্রেপ্তার করানো এবং পরে হুমকি-ধমকি দেওয়া হয়।
বিষয়টি নিয়ে গত মাসে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে রাফিজুল ইসলাম রবিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাফিজুল ইসলাম রবিনকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো অপকর্মের সুযোগ নেই। সম্প্রতি ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :