হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল শিক্ষার্থীদের মাদক, জুয়া ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :