সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আটটি ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। এছাড়া বালু পরিবহনে নিয়োজিত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য ও সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :