কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণের সুপেয় পানির সংকট নিরসনে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ। স্থানীয় মানুষের চাহিদা ও প্রয়োজনের কথা বিবেচনা করে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন।
এরই ধারাবাহিকতায় ভেড়ামারা থানার সামনে স্বর্ণপট্টি এলাকায় একটি নতুন টিউবওয়েল স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় থাকা টিউবওয়েলটি অকেজো থাকায় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা পানির তীব্র সংকটে ভুগছিলেন। নতুন টিউবওয়েল স্থাপনের ফলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, স্বর্ণপট্টি এলাকাটি ভেড়ামারা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াত রয়েছে। ব্যবসায়ী ও পথচারীদের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও দৈনন্দিন প্রয়োজনে এখান থেকে পানি সংগ্রহ করেন। কিন্তু পুরোনো টিউবওয়েলটি দীর্ঘদিন নষ্ট থাকায় পানির জন্য তাদের দূরের স্থানে যেতে হতো।
স্থানীয় বাসিন্দা মো. বাবুল আক্তার বলেন, “এখানে একটি টিউবওয়েল খুবই প্রয়োজন ছিল। পুরোনো টিউবওয়েলটি নষ্ট থাকায় আমাদের অনেক সমস্যা হচ্ছিল। পানি সংগ্রহের জন্য আমাদের উপজেলা চত্বরে যেতে হতো। নতুন টিউবওয়েল স্থাপন করায় এখন সাধারণ মানুষ উপকৃত হয়েছে।”
স্থানীয়দের ভাষ্য, শুধু স্বর্ণপট্টি নয়, ভেড়ামারা পৌরসভার বিভিন্ন এলাকায় মানুষের প্রয়োজন অনুযায়ী পানির ব্যবস্থা করতে এসএস আল হোসাইন সোহাগের উদ্যোগ ইতোমধ্যে অনেকের নজর কেড়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এগিয়ে আসায় বিভিন্ন মহল থেকে তার প্রশংসা করা হচ্ছে।
এসএস আল হোসাইন সোহাগ বলেন, “জনসাধারণের প্রয়োজনের কথা বিবেচনা করেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে নিরাপদ পানি অন্যতম। কোথাও পানির সমস্যা থাকলে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে যেতে চাই।”
স্থানীয়রা মনে করছেন, পৌর এলাকার নাগরিক সমস্যা চিহ্নিত করে সমাধানের এই উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। বিশেষ করে জনসাধারণের পানির চাহিদা পূরণে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টিউবওয়েল স্থাপনের মতো উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন বলে তারা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :