নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: তিন চালককে জরিমানা

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২২ পিএম

নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: তিন চালককে জরিমানা

নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন পরিবহনচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিনটি মামলা দায়েরের মাধ্যমে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। প্রতিটি মামলায় জরিমানা আদায়ের পাশাপাশি হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবহনচালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি দল নিরাপত্তা নিশ্চিত করে। পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কার্যক্রমও চালানো হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!