আত্রাই নদীসহ আট জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত

শাহাদুল ইসলাম বাবু , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৩ পিএম

আত্রাই নদীসহ আট জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত

নওগাঁর আত্রাই নদীসহ উপজেলার আটটি জলাশয়ে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় ২৭১ দশমিক ৪২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় আত্রাই নদীতে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

চলতি অর্থবছরে আত্রাই নদী, উপজেলা পরিষদ পুকুর, নৈ দিঘির গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর এবং মাগুরা আকবরপুর আদর্শ গ্রাম পুকুরসহ মোট আটটি জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, দেশের মাছ উৎপাদন বাড়ানো এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি অব্যাহত রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে। আত্রাই নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার ফলে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবিকাতেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি অবমুক্ত করা পোনা মাছ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাছগুলো যাতে নির্বিঘ্নে বড় হতে পারে, সে বিষয়ে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার অনুরোধ করেন।

সিয়াম সরিষা
Link copied!