আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ। বুধবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ক্যাম্পাস ও এর আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, নাশকতার মামলায় সম্প্রতি জামিনে বেরিয়ে আসা পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে ৪০-৫০ জন ব্যক্তি এ হামলা চালায়। এতে বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হন। এর প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও একটি পাটের গোডাউনে আগুন দেয়।
এ ঘটনায় রাতেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধরতে অভিযানে নামে ইবি থানা পুলিশ। রাতভর অভিযানে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
এছাড়া সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের ধারণ করা ভিডিও ও ছবি বিশ্লেষণ করে জড়িত অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো বিশৃঙ্খলা রুখতেও পুলিশ প্রস্তুত রয়েছে বলে ওসি জানান। এস এম মামুনুর রশীদ বলেন, ‘হামলাকারীদের ধরতে আমি রাতভর অভিযান পরিচালনা করেছি এবং তিনজনকে আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের একজন সদস্যকেও বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তারা যেখানেই থাকুক, খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কোনোমতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জননিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না।’

আপনার মতামত লিখুন :